প্রথম বাংলা : বাংলাদেশ পুলিশের ১৫ জন সদস্যকে কর্তব্যনিষ্ঠা, সাহসিকতা এবং জনহিতকর কাজের স্বীকৃতি হিসেবে চার বিশেষ ঘটনায় পুরস্কার, সনদ ও আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ ২০ জুন ২০২৬, শনিবার সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্প্রতি জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
আলোচিত চারটি ঘটনা হলো :
(১) জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ : গত ১০ জুন ২০২৬ তারিখে ভারী বর্ষণের কারণে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের লুপ-টু নামার প্রান্তে সড়কের পানি নিষ্কাশন ড্রেনের মুখে ব্যাপক ময়লা-আবর্জনা জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মোঃ কামরুজ্জামান তাৎক্ষণিকভাবে নিজ হাতে ড্রেনের ময়লা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। ফলে দ্রুত যানবাহন চলাচল স্বাভাবিক হয়, যা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তার এ প্রশংসনীয় কাজের জন্য ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের বাড্ডা জোনের কনস্টেবল মোঃ কামরুজ্জামানকে 'পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ', অর্থ পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হয়।
(২) আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেফতারে সাহসিকতা : গত ১৬ জুন ২০২৬ তারিখে আদাবর থানার মফিজবাগ এলাকায় এক বিকাশের দোকানে চাপাতি দিয়ে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানকালে ছিনতাইকারীদের অতর্কিত হামলায় আদাবর থানার ওসি এবং একজন এসআই গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশের পাল্টা গুলিতে ২ জন ছিনতাইকারী গুলিবিদ্ধসহ মোট ৪ জনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশের আভিযানিক দলের সদস্য অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিপিএম, পিপিএম, এসআই তরুণ কুমার, এএসআই আব্দুল্লাহ সাহক সবুজ, এএসআই সুধন চন্দ্র দে, এএসআই মোঃ শরিফুল ইসলাম এবং এএসআই মোঃ রবিউল ইসলামকে পুরস্কার প্রদান করা হয়।
(৩) আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার : চট্টগ্রামের আনোয়ারার চেনামতি এলাকায় সুজন বড়ুয়ার স্ত্রী ও কন্যাকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করার ঘটনায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আনোয়ারা থানা পুলিশের সমন্বিত টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৫ জুন ২০২৬ তারিখে পটিয়া থেকে মূল আসামি রিমন বড়ুয়াকে গ্রেফতার করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) রাসেল পিপিএম (বার), তদন্তকারী কর্মকর্তা এসআই শিমুল চন্দ্র দাস, এসআই মোহাম্মদ আবু সেলিম রেজা এবং কনস্টেবল মোঃ রিমন হোসেন, পিপিএম-কে পুরস্কৃত করা হয়।
(৪) চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনা : কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় বসতবাড়ির গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং বাড়িতে অবস্থানরত মা ও মেয়েকে গণধর্ষণের ঘটনায় মাতামুহুরী তদন্ত কেন্দ্রের পুলিশ ভিকটিমদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে এবং দ্রুততম সময়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ৭ জন আসামিকে গ্রেফতার করে, যাদের মধ্যে ২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় পুলিশ পরিদর্শক (ইনচার্জ, মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্র) মোঃ মাসুদ, এএসআই সজীব দাস, কনস্টেবল মাহফুজুর রহমান এবং কনস্টেবল হেফাজত হোসেনকে পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ পুলিশের বীর সদস্যগণ এভাবেই দেশ ও জনগণের কল্যাণে অহর্নিশ কাজ করে চলেছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার