এ কে এম নোমান, বিরুলিয়া (সাভার):
ঢাকা সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান টু কলমা সড়কটির পোলার আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন ঢালু অংশটি এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কটির এই স্থানে সৃষ্টি হয়েছে এক প্রকাণ্ড মরণফাঁদ। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ।
সরেজমিনে দেখা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ সর্বস্তরের সাধারণ পথচারী ও যানবাহন চলাচল করে। তবে পোলার আইসক্রিম ফ্যাক্টরির পাশের ঢালু জায়গাটিতে বড় বড় খানাখন্দের কারণে সড়কটি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে।
স্থানীয় একাধিক পথচারী ও চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ না হওয়ায় প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে কিংবা গর্তে পড়ে ঘনঘন উল্টে যাচ্ছে অটোরিকশা ও মালবাহী ট্রাক। এসব দুর্ঘটনায় ইতোমধ্যে বহু মানুষ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের জোর দাবি—যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সংসদ সদস্য মহোদয় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। অনাকাঙ্ক্ষিত কোনো বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই অতি দ্রুত এই মরণফাঁদ মেরামত করে সড়কটি চলাচলের উপযোগী করার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার