প্রথম বাংলা : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর আওতাধীন ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় কর্তৃক অর্থনৈতিক শুমারি-২০২৪ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১জুন) বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এছাড়াও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ ডিআইজি রেঞ্জের পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন তালুকদার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভাগীয় ও জেলা পর্যায়ের কার্যালয়গুলোর দপ্তরপ্রধান, শিক্ষক প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ ফিরোজ ইবনে ইউসুফ।
সভায় জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তিন ধরনের শুমারি পরিচালনা করে থাকে, যথা জনশুমারি, কৃষিশুমারি এবং অর্থনৈতিক শুমারি। ১৯৮৩ সাথে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়। সর্বশেষ ৪র্থ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে ১৩ ডিসেম্বর ২০২৪ থেকে ২৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত করা। এছাড়াও জাতিসংঘ প্রণীত আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ; জাতীয় শিল্পনীতি-২০২২ অনুযায়ী অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, মাইক্রো এবং কুটির শিল্পে শ্রেণিবিন্যাস করা এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের মৌলিক তথ্য সংগ্রহ করা এবং সে অনুযায়ী পরিকল্পনা মন্ত্রণালয় কর্তৃক পরিকল্পনা কার্যক্রম প্রণয়ন। ২০২৪ এর অর্থনৈতিক শুমারিতে ইলেকট্রনিক পদ্ধতিতে ট্যাব এবং জিপিএস লোকেশনের মাধ্যমে ডাটা সংগ্রহ করায় ভুলের পরিমাণ কম ছিল। ২০১৩-২০২৪ সাল পর্যন্ত সময়ে বিভাগওয়ারী অন্তর্বর্তীকালীন প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ৭৮ দশমিক ৪৫ শতাংশ এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে ২৩ দশমিক ০৪ শতাংশ। আমাদের অর্থনীতিতে সেবাখাতের অবদান প্রতিনিয়ত বাড়ছে।
সভাপতি বলেন, টেকসই উন্নয়ন, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিকল্পনা প্রণয়নে জন্য বস্তুনিষ্ঠ, নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য-উপাত্তের বিকল্প নেই। পরিসংখ্যানের তথ্য-উপাত্তের মাধ্যমেই সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন চিত্র প্রকাশ পায়। আমরা জাতিগতভাবে একটু কৃপণ, কাউকে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই না। পরিসংখ্যানের তথ্য সংগ্রহ কষ্টকর, এক্ষেত্রে আমাদের সবাইকে স্বপ্রণোদিত হতে হবে। পরিসংখ্যানের তথ্য-উপাত্ত যত সমৃদ্ধ হবে, গবেষণা তত উন্নত হবে, সে মোতাবেক উন্নয়ন পরিকল্পনা তত সহজ হবে। গবেষণা ও রিপোর্টের উপর উপর ভিত্তি করে সঠিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমেই দেশ এগিয়ে যাবো। এজন্য সঠিকভাবে পরিসংখ্যানের তথ্য-উপাত্ত সংগ্রহ জরুরি।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার