প্রথম বাংলা : ময়মনসিংহের ত্রিশালে দোকানের শাটার নামিয়ে ভিতরে নির্মমভাবে হিন্দু সম্প্রদায়ের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খুন করার পর ঠান্ডা মাথায় দোকানের মূল্যবান জিনিষপত্রসহ নগদ টাকা নিয়ে যায়। নির্বাচন সংক্রান্ত বিরোধের জেরেও এমন নির্মম হত্যাযজ্ঞ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের নাম সুসেন চন্দ্র সরকার।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার বগার বাজার চৌরাস্তায় এই হত্যার ঘটনা ঘটে।
ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন গণমাধ্যম কে জানান, নিহত সুসেন চন্দ্র সরকার (৬২) বগার বাজার চৌরাস্তায় ‘মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজের’ মালিক ও উপজেলার সাউথকান্দা গ্রামের বাসিন্দা।
ওসি ফিরোজ আরো বলেন, রাত ১১টার দিকে অজ্ঞাতনামা লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে হত্যার পর দোকানের ভেতর ফেলে রেখে শাটার বন্ধ করে রেখে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে শাটার খুলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।
তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সুজন সরকার বলেন, আমাদের চালের ব্যবসা দীর্ঘদিনের। আমাদের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না। বাবাকে নির্মমভাবে হত্যার পর দোকান থেকে কয়েক লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বাবার হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।
ওসি ফিরোজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে প্রতিবেশিরা জানান, ব্যবসায়ী সুসেনের ভোটের প্রতি অনীহা ছিল। একটি দল তাকেসহ তার ধর্মীয় লোকদের ভোটে চাপ দিচ্ছিল। এ থেকে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান স্থানীয়রা।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার