অনলাইন ডেস্ক : নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিকে ডিম নিক্ষেপের অভিযোগে আটক যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা মিজানুর রহমান চৌধুরীকে সকালেই মুক্তি দেওয়া হচ্ছে। নিউইয়র্ক পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনাকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ এবং মিজানুরকে ‘মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে’ বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
ঘটনার সূত্রপাত হয় বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১টার দিকে। অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে পৌঁছালে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এই অভিযোগে নিউইয়র্ক পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে আটক করে।
তবে আটকের কয়েক ঘণ্টার মধ্যেই তার মুক্তির খবর আসায় ঘটনাটি নতুন মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শুরু থেকেই এই ঘটনাকে একটি ‘সাজানো নাটক’ বলে অভিহিত করে আসছিলেন। তাদের অভিযোগ, বিদেশে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।
আওয়ামী লীগের এক নেতা বলেন, "সত্য কখনো চাপা থাকে না। আমরা জানতাম মিজানুর নির্দোষ এবং তাকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে সকালেই ছেড়ে দিচ্ছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ।"
পুলিশ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযোগের যথেষ্ট ভিত্তি খুঁজে না পাওয়ায় মিজানুরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই খবরে প্রবাসী আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার