
সেলিম মিয়া : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পৃথক অভিযানে ৯০ পিস ই-সিগারেট বা ভেপসহ বিভিন্ন ধরনের পণ্য আটক করা হয়েছে। গত ৬ ও ৭ নভেম্বর পরিচালিত এসব অভিযানে ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকারও জব্দ করা হয়। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৮৭ ফ্লাইটে ঢাকায় আসা যাত্রী সুলতানা রাজিয়ার (Sultana Razia) ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট বা ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।
সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার আটক করা হয়।
অন্যদিকে, ৭ নভেম্বর পৃথক অভিযানে কাতার থেকে ঢাকায় আসা কিউআর-৬৪০ ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা।
সাম্প্রতিক এসব ঘটনায় যাত্রী ব্যাগেজের মাধ্যমে ই-সিগারেট বা ভেপসহ বিভিন্ন নিষিদ্ধ ও শুল্কযোগ্য পণ্য আনার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রাজস্ব সুরক্ষা এবং জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ ঠেকাতে বিমানবন্দরে নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার