
তানজিলা ঃ
সাংবাদিকদের প্রবেশে সদস্যপদের শর্ত, মেয়র পদপ্রার্থীদের এমন মানসিকতা নিয়ে প্রশ্ন; অসম্মানের প্রতিবাদে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
সাংবাদিকতা কি এখন প্রেস ক্লাবের সদস্যপদের সনদে সীমাবদ্ধ? কোনো অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গেলেই কি সাংবাদিককে আগে প্রমাণ করতে হবে তিনি কোন প্রেস ক্লাবের সদস্য? সাভার সরকারি কলেজের একটি অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে সাভার প্রেস ক্লাবের সদস্যপদ বাধ্যতামূলক বলে সাংবাদিকদের উদ্দেশে মন্তব্য করেছেন সাভারের দুই মেয়র পদপ্রার্থী। তাঁদের এমন বক্তব্যে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও অধিকার নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার স্বপ্ন দেখা ব্যক্তিদের মনে রাখা উচিত, সাংবাদিকতা কোনো ব্যক্তি, গোষ্ঠী কিংবা প্রেস ক্লাবের ব্যক্তিগত সম্পত্তি নয়। প্রেস ক্লাবের সদস্য হলেই কেউ সাংবাদিক হয়ে যান না, আবার সদস্য না হলেই কারও সাংবাদিক পরিচয় মুছে যায় না। সাংবাদিকতার পরিচয় নির্ধারিত হয় পেশাগত দায়িত্ব, কর্মদক্ষতা ও সংবাদমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে কোনো সংগঠনের সদস্যপদের শর্তে নয়।
একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে এমন শর্ত আরোপের মানসিকতা শুধু দুঃখজনক নয়, বরং সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরির অপচেষ্টা হিসেবেও বিবেচিত হতে পারে। যারা মেয়র হওয়ার আগেই সাংবাদিকদের সদস্যপদের মাপকাঠিতে বিচার করেন,তারা মেয়রের দায়িত্ব পেলে সাধারণ নাগরিক ভিন্নমতাবলম্বী কিংবা সমালোচকদের সঙ্গে কেমন আচরণ করবেন সেই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়।
মনে রাখতে হবে, সাংবাদিকরা কোনো মেয়র পদপ্রার্থীর প্রচারকর্মী নন, ব্যক্তিগত অনুগতও নন। তাঁদের দায়িত্ব জনগণের সামনে সত্য তুলে ধরা, কারও ব্যক্তিগত ইচ্ছা কিংবা রাজনৈতিক সুবিধা রক্ষা করা নয়।
সাভারের সাংবাদিক সমাজের প্রতি জোরালো আহ্বান যেসব মেয়র পদপ্রার্থী সাংবাদিকদের পেশাগত মর্যাদা দিতে জানেন না, সদস্যপদের অজুহাতে সাংবাদিকদের অপমান করেন কিংবা সংবাদ সংগ্রহে অযৌক্তিক বাধা সৃষ্টি করেন, তাঁদের সভা-সমাবেশ, প্রচারণা ও কর্মসূচি সংবাদমাধ্যমের পক্ষ থেকে বর্জনের বিষয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিন।
কারণ, সাংবাদিকদের সম্মান কোনো ব্যক্তির দয়া বা অনুগ্রহের বিষয় নয়; এটি তাঁদের পেশাগত অধিকার। এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া যায় না।
প্রেস ক্লাব সাংবাদিকতার পরিচয়পত্র নয়, আর মেয়র পদপ্রার্থীরাও সাংবাদিকতার নিয়ন্ত্রক নন। সাংবাদিকদের কলম কারও নির্দেশে চলে না, চলবেও না।
সাংবাদিকদের বিভক্ত করে নয়, তাঁদের সম্মান করেই জননেতৃত্বের যোগ্যতা প্রমাণ করতে হয়।
প্রধান সম্পাদক জয়নাল আবেদীন সজীব,|
Mobile: 01301429493 /
Email: msojibe73@gmail.com
ইপেপার