এ সময় তাকে বাঁচাতে এলে তার ষাটোর্ধ বৃদ্ধা মা ও অসুস্থ বোনকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা’গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০টায় চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেত পাড়ায় এই ঘটনা ঘটে। বর্বরোচিত এই হামলায় পুরো এলাকাবাসী হতবাক। গুরুতর আহত নুরুল কাদের বর্তমানে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত নুরুল কাদের জানান, প্রায় ছয় মাস আগে তার প্রতিবেশী মুরগি ব্যবসায়ী মোসাদ্দেক হোসেন ফালু (৫০) একটি সিএনজি চালিত অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে ২৫ হাজার টাকা ধার নেন। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও মোসাদ্দেক টাকা ফেরত দিচ্ছিলেন না। সর্বশেষ গত বৃহস্পতিবার নুরুল কাদের তার পাওনা টাকা ফেরত চাইলে মোসাদ্দেক ক্ষিপ্ত হন।
এরই জের ধরে ওই দিন রাতে মোসাদ্দেক হোসেন ফালুর নেতৃত্বে সুফিয়ান (২৬), মারুফ (২০), নুরুল হুদা (৬০), নজরুল (২৬) সহ আরও ৭-৮ জন সন্ত্রাসী দা, ছুরি ও লাঠিসোটা নিয়ে নুরুল কাদেরের বাড়িতে চড়াও হয়। তারা ঘরে ঢুকে নুরুল কাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় কাদেরের ষাটোর্ধ বৃদ্ধা মা এবং পেটে অস্ত্রোপচার হওয়া অসুস্থ বোন বাধা দিতে এলে সন্ত্রাসীরা তাদেরকেও নির্মমভাবে পিটিয়ে শয্যাশায়ী করে ফেলে।
হাসপাতালে চিকিৎসাধীন নুরুল কাদের জানিয়েছেন, তিনি ও তার পরিবার কিছুটা সুস্থ হওয়ার পর এই নৃশংস হামলার বিচার চেয়ে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।