মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবি মৌসুমের ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। ১৪ অক্টোবর ২০২৪, সোমবার, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এই প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার জনাব জেরিন আহমেদ।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন, অতিরিক্ত কৃষি অফিসার শুভজিৎ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
প্রণোদনা কর্মসূচির আওতায় শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১০,২০০ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়াও, ১১ হাজার ৯০ জন কৃষককে অন্যান্য রবি ফসল যেমন মুগ, মুসর, সূর্যমুখী, ভূট্টা, গম এবং শীতকালীন পেঁয়াজ চাষের জন্য সার বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান বলেন কৃষির সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য ঘাটতি পূরণ ও সার্বিক উন্নয়ন সম্ভব।
এছাড়া উপজেলা কৃষি অফিসার মোঃ জেরিন আহমেদ বলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রণোদনা কর্মসূচি ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোসহ তাদের আর্থিক উন্নয়নেও সহায়তা প্রদান করা হবে।