স্টাফ রিপোর্টার : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭-এর অথরাইজড অফিসার ইলিয়াসের বিরুদ্ধে নামে-বেনামে অঢেল অবৈধ সম্পদ গড়ার গুরুতর অভিযোগ উঠেছে।
দীর্ঘদিন ধরে ঘুরেফিরে একই স্থানে দায়িত্ব পালন করে তিনি বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, রাজধানী ঢাকার মিরপুরে তার একটি বিশাল বিলাসবহুল বাড়ি এবং অভিজাত এলাকা বনানীতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে। এ ছাড়া তার নিজ জেলা পটুয়াখালী ও মির্জাগঞ্জে নামে-বেনামে অঢেল সম্পত্তি গড়ে তুলেছেন বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, কোনো সাংবাদিক তথ্য সংগ্রহের জন্য তার কার্যালয়ে গেলে তিনি বিষয়টি ধামাচাপা দিতে পকেট থেকে ৬ হাজার টাকা করে ধরিয়ে দিয়ে বিদায় করার চেষ্টা করেন।
সচেতন মহলের দাবি, একজন সরকারি কর্মকর্তার বেতনের তুলনায় তার এই বিপুল পরিমাণ সম্পদ কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তার এসব অবৈধ সম্পদের উৎস খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত প্রয়োজন।