মোহাম্মদ আলী-স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় নদীভাঙন রোধে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণকাজ চলছে। প্রকল্পের বিভিন্ন প্যাকেজে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বাস্তবায়ন করছে। এর মধ্যে বি জে কোম্পানির একটি প্যাকেজের কাজে নিম্নমানের ইটের খোয়া সরবরাহের অভিযোগ ওঠার পর তা সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জানা যায়, সম্প্রতি নির্মাণকাজে ব্যবহারের জন্য চুক্তি অনুযায়ী এক নম্বর ইটের খোয়া সরবরাহ করার কথা থাকলেও সরবরাহকারীর মাধ্যমে কিছু নিম্নমানের ইটের খোয়া প্রকল্প এলাকায় ফেলা হয়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এলে বি জে কোম্পানিকে অবগত করা হয়।
অভিযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট সরবরাহকারীর কাছ থেকে ইটের খোয়া নেওয়া বন্ধ করে দেয়। পাশাপাশি সাইটে থাকা নিম্নমানের ইটের খোয়াগুলো সরিয়ে নেওয়া হয়। বর্তমানে ভালো মানের ইটের খোয়া দিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন বি জে কোম্পানির ম্যানেজার মনির হোসেন। তিনি বলেন, নদীভাঙনকবলিত মানুষের দুর্ভোগ তাঁরা কাছ থেকে দেখেছেন। বর্ষা মৌসুমে এসব এলাকার মানুষকে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাতে হয়। তাই বেড়িবাঁধ নির্মাণকাজে তাঁরা সর্বোচ্চ যত্ন নেওয়ার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, গত বর্ষা মৌসুমে তাঁদের নির্মাণাধীন বাঁধের অংশে কোনো ভাঙন সৃষ্টি হয়নি বলে তাঁরা জানিয়েছেন। কাজের মান বজায় রাখতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। নিম্নমানের ইটের খোয়ার বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মনির হোসেন জানান, এটি পানি উন্নয়ন বোর্ডের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত নির্মাণকাজ পরিদর্শন ও তদারকি করছেন। নির্ধারিত সময়ের আগেই, আগামী বছরের মধ্যে তাঁদের অংশের কাজ শেষ করার আশা করছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা জানান, নদীভাঙনের কারণে রামগতি ও কমলনগরের উপকূলীয় এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে বসবাস করছেন। তাঁদের বসতভিটা, ফসলি জমি ও জীবিকা রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ অত্যন্ত জরুরি।
তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি এবং স্থানীয় মানুষের সচেতন অংশগ্রহণের মাধ্যমে প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত শেষ হবে।