প্রথম বাংলা : ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এসআইসহ ২ পুলিশ সদস্য এবং ৯৯৯ এ কল দিয়ে অভিযোগ জানানো এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে জনকে আটক করেছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে নগরীর কৃষ্টপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির এএ সআই মো. নাজমুল এবং কনস্টেবল মো. এরশাদ। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ১০ জনকে আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম গণমাধ্যম কে জানান, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর পুলিশ অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারী আহত হন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।