প্রথম বাংলা : ময়মনসিংহ বিভাগের ক্রীড়া ইতিহাসে একটি মাইলফলক স্পর্শ করলো। দেশের শীর্ষস্থানীয় প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট, ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)-এ ময়মনসিংহ বিভাগীয় দল প্রথমবারের মতো অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এই গৌরবময় সাফল্যের পেছনে অবিচল পরিশ্রম ও নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ ক্রীড়াঙ্গনের বরেণ্য ক্রীড়া সংগঠক ও ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য জনাব এনামুল হক আকন্দ লিটন।
দীর্ঘদিন ধরে ময়মনসিংহের ক্রীড়া উন্নয়নের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করে আসা লিটন আকন্দের অক্লান্ত প্রচেষ্টা ও উদ্যোগের ফলে স্থানীয় ক্রিকেটের স্বপ্ন আজ বাস্তবে পরিণত হলো। তিনি বললেন, “এটি আমার একার অর্জন নয়, এটি ময়মনসিংহের প্রতিটি ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়ের সংগ্রামের ফল। আমাদের সবাই মিলে এই সাফল্যকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখতে হবে।”
ময়মনসিংহবাসী ও ক্রীড়াপ্রেমীরা লিটন আকন্দসহ সকল সিনিয়র খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ময়মনসিংহ বিভাগের এনসিএলে অন্তর্ভুক্তি স্থানীয় ক্রিকেটের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।
এই অর্জন ময়মনসিংহ ক্রীড়াঙ্গনের জন্য নতুন দিগন্ত উন্মোচনের পাশাপাশি ভবিষ্যতে আরও উজ্জ্বল সাফল্যের পথ সুগম করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।