জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদান ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতিস্বরূপ জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার মফস্বল সম্পাদক এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস কে ইয়াছিনকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার সম্পাদক এবং মাতৃ জগত টিভির চেয়ারম্যান খান সেলিম রহমানের উপস্থিতিতে এ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান মাহি এবং জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন বাবু।
দীর্ঘ ২৩ বছরের পথচলায় জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকা সাংবাদিকতা, সংবাদ পরিবেশন এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে পত্রিকার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও প্রতিনিধিদের অবদানকে সম্মান জানানো হয়।
সম্মাননা স্মারক পাওয়ার পর এস কে ইয়াছিন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মাননা তার সাংবাদিকতা জীবনে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা হিসেবে ভূমিকা রাখবে। সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকদের কাজের স্বীকৃতি ও উৎসাহ প্রদান পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর এ সম্মাননা অনুষ্ঠান ছিল পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা ও সাংবাদিকদের ঐক্যের একটি সুন্দর দৃষ্টান্ত।
জাতীয় দৈনিক মাতৃ জগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিক এস কে ইয়াছিনের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়ার মুহূর্ত।