প্রথম বাংলো : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্চমান সহকারী ফাতেমা বেগমের আয়কর সংক্রান্ত নথিপত্র জব্দের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
রিয়াজ হোসেন গণমাধ্যম কে বলেন, আদালত শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট আয়কর নথি জব্দ ও পর্যালোচনার অনুমতি দেন। মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান।
মামলার তথ্যানুযায়ী, ফাতেমা বেগমকে তার এবং তার নির্ভরশীলদের অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান মোল্যা আদালতে আবেদন করেন, সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) এর শুরু থেকে ২০২৫-২৬ করবর্ষ পর্যন্ত সব আয়কর নথিপত্র জব্দ ও পর্যালোচনার অনুমতি প্রয়োজন।