মোহাম্মদ ইমাম হোসেন, খুলনা প্রতিনিধি:
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার ৩ নম্বর রায়েন্দা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক ইতিবাচক আবহাওয়া। নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও সাধারণ মানুষের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে রাজপথে মাঠে নেমেছেন শরণখোলা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক।
সম্প্রতি রায়েন্দা বাজারের বিশিষ্ট স্বর্ণকার পট্টিসহ বিভিন্ন গলি ও ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এক নিবিড় গণসংযোগ ও প্রীতি মতবিনিময় কর্মসূচি পালন করেন। কর্মসূচিকালে কোনো আনুষ্ঠানিক বক্তব্যের বদলে তিনি সাধারণ ব্যবসায়ীদের কাছে গিয়ে আন্তরিকতার সাথে কুশল বিনিময় করেন এবং তাদের ব্যবসা-বাণিজ্যের বর্তমান অবস্থা ও সার্বিক খোঁজখবর নেন।
ব্যবসায়ীদের সাথে আলাপকালে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, রায়েন্দা বাজারের প্রতিটি ব্যবসায়ী যেন নিরাপদে এবং নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন, তা নিশ্চিত করাই প্রধান অগ্রাধিকার। বাজারে যেকোনো প্রকার অনাকাঙ্ক্ষিত বাধা, হয়রানি বা বিশৃঙ্খলা রোধে এবং একটি সুস্থ-সুন্দর বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সংবাদমাধ্যমের সাথে আলাপকালে আলহাজ্ব ফরিদ উদ্দিন মানিক জানান, জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সর্বদা সাধারণ মানুষের অধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখার পক্ষে অবস্থান নেয়। দলীয় মূল্যবোধ অক্ষুণ্ন রেখে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের আস্থা অর্জন করাই তাঁর প্রধান লক্ষ্য। নির্বাচন যাই হোক না কেন, শরণখোলার সাধারণ মানুষের পাশে তিনি সর্বদা সুখে-দুঃখে থাকবেন বলে ব্যক্ত করেন।
উক্ত গণসংযোগে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল শরণখোলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন কর্মসূচিতে উপস্থিত থেকে জনসংযোগে অংশ নেন।
এছাড়া রাজনৈতিক সৌজন্যের অন্যতম দৃষ্টান্ত হিসেবে অনুষ্ঠানে সাবেক যুবলীগ নেতা শহিদুল ইসলাম হাওলাদারের উপস্থিতিও লক্ষ্য করা যায়। দলমত নির্বিশেষে সর্বস্তরের নেতৃবৃন্দ একসাথে বাজারের দোকানগুলোতে ঘুরে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।