ইকরামুল হক বিশেষ- প্রতিনিধি:
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্ধর্ষ ডাকাত দলের গুলিতে নতুন স্থাপিত সেনা ক্যাম্পের এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে অপরাধ দমন এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা নতুন স্থাপিত সেনা ক্যাম্পের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছিল। এ সময় হঠাৎ করেই সশস্ত্র ডাকাত দল অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। ডাকাতদের ছোড়া গুলিতে এক সেনাসদস্য আহত হন।
ঘটনার পরপরই ক্যাম্পের অন্যান্য সেনাসদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নিয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন এবং পুরো ক্যাম্প ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আহত সেনাসদস্যকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
এদিকে অপরাধীদের গ্রেফতারে ক্যাম্পের ভেতরে এবং এর আশপাশের পাহাড়ি এলাকায় যৌথ অভিযান শুরু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল ও অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।