প্রথম বাংলা -ময়মনসিংহের হালুয়াঘাট থানা ভবনে অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
রবিবার (২২ নভেম্বর) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে হালুয়াঘাট থানা ভবনের নিচতলায় জুনিয়র সেরেস্তা ও এর পাশের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে থানা ভবনের ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র পর্যবেক্ষণ করতে ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান আজ থানা প্রাঙ্গণ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সিআইডির ফরেনসিক দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষজ্ঞ দল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি থানার ক্ষতিগ্রস্ত কক্ষটি ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের মনোবল অটুট রাখার পাশাপাশি তাঁদের সার্বিক খোঁজখবর নেন। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কারের মাধ্যমে থানার সব দাপ্তরিক ও সেবামূলক কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পরিদর্শনকালে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল), ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।