মোহাম্মদ ইমাম হোসেন, স্টাফ রিপোর্টার:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ও থানার ঠিক কয়েক গজ সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকাল আনুমানিক ৭টার দিকে দয়াপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় বৈদ্যুতিক খুঁটিসহ মহাসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিকট শব্দে আতঙ্ক, অল্পের জন্য রক্ষা:
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে তীব্র বেগে ধেয়ে আসা একটি মালবাহী ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি উপড়ে ফেলে সরাসরি খাদে গিয়ে আছড়ে পড়ে। দুর্ঘটনাস্থলের একেবারেই পাশে একটি কারখানা অবস্থিত ছিল। দুর্ঘটনার সময় কারখানায় শ্রমিকদের আনাগোনা থাকলেও ট্রাকটি অল্পের জন্য কারখানার মূল ফটকে আঘাত করা থেকে রক্ষা পায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি যদি কারখানার ভেতরে বা গেটে গিয়ে আঘাত করত, তবে বড় ধরনের প্রাণহানি ও ভয়াবহ হতাহতের ঘটনা ঘটতে পারত।
নেশাগ্রস্ত চালক ও পলায়ন:
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং তার চোখে তীব্র ঘুম ঘুম ভাব ছিল। মূলত এই অসচেতনতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলেও গাড়ির ভেতরে কাউকে পাননি। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার অব্যাবহিত পরেই চালক ও তার সহকারী কৌশলে গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
পুলিশের উদাসীনতা ও বর্তমান পরিস্থিতি:
দুর্ঘটনাটি থানা ও উপজেলা প্রশাসনের একদম সামনে ঘটলেও এখন পর্যন্ত এটি উদ্ধারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, দুর্ঘটনাস্থলের ঠিক সামনে দিয়েই হাইওয়ে ও থানার টহলরত পুলিশ গাড়ি নিয়ে বেশ কয়েকবার যাতায়াত করেছে।
পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে দুর্ঘটনাকবলিত স্থানটি দেখলেও, সেটি উদ্ধার বা চালককে খোঁজার বিষয়ে কোনো ধরনের তৎপরতা না দেখিয়েই চলে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, দুর্ঘটনাকবলিত ট্রাকটি মহাসড়কের পাশেই অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।