স্টাফ রিপোর্টার:
ফেনীর দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। ভাইরাল হওয়া ফোনালাপে ওসির বাসায় যেতে বলা, মামলা, জামিন, দুই লাখ টাকা এবং গ্রেপ্তার-পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে তাদের কথোপকথন শোনা যায়।
বুধবার (২৫ নভেম্বর) ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, দাগনভূঞা থানার ওসির কল রেকর্ডের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ছড়িয়ে পড়া অডিওতে শোনা কথোপকথনগুলো সত্যিই ওসির কি না, তা নিশ্চিত হতে ফ্যাক্ট চেকিং তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে ওসি ফয়জুল আজিম নোমানকে তাসকিরা তানিন সনিকে তার বাংলোয় যাওয়ার জন্য বলতে শোনা যায়। কথোপকথনে মাইগ্রেনের ব্যথা সারানোর প্রসঙ্গ তুলে তাকে দ্রুত বাসায় আসার অনুরোধ করেন ওসি। প্রয়োজনে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে সরাসরি তার বাসায় চলে আসতে বলেন। এ জন্য যত টাকা প্রয়োজন হয়, একটি সিএনজি রিজার্ভ করে দ্রুত চলে আসার কথাও বলেন তিনি।
জবাবে তাসকিরা তানিন সনি ওসির বাসায় গেলে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে কি না, তা জানতে চান। তখন ওসি তাকে আশ্বস্ত করে বলেন, তিনি ওসি থাকলে কোনো সমস্যা হবে না। কথোপকথনের একপর্যায়ে সনি তাকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে এতে ওসি মনঃক্ষুণ্ন হয়েছেন বলেও অডিওতে শোনা যায়।
ফোনালাপের অপর অংশে সনির বিরুদ্ধে দায়ের করা মামলা, গ্রেপ্তার, কারাবাস এবং জামিনের জন্য দুই লাখ টাকা খরচের বিষয় উঠে আসে। গ্রেপ্তার ও মামলা-সংক্রান্ত কারণে আর্থিক ক্ষতির কথাও ওসির কাছে তুলে ধরেন তিনি। অন্যদিকে ওসি তাকে রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে গিয়ে চিন্তা করার পরামর্শ দেন। পাশাপাশি যোগাযোগ বজায় রাখার কথাও বলেন।
এদিকে দুই লাখ টাকা নেয়ার বিষয়টি কাউকে না জানানোর জন্য ওসি তাকে বলেছিলেন বলে অভিযোগ করেছেন তাসকিরা তানিন সনি। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোও তিনি প্রত্যাখ্যান করেছেন।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে দাগনভূঞা থানা পুলিশের একটি দল তাসকিরা তানিন সনিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে কারামুক্ত হওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসি ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনেন তাসকিরা তানিন সনি। তার দাবি, গ্রেপ্তারের পর থানা হাজতে থাকা অবস্থায় ওসি তার শ্লীলতাহানির চেষ্টা করেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানান। এ ঘটনায় প্রতিকারও দাবি করেছেন তিনি।
তবে সনির এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ওসি। ফোনালাপে নিজের কণ্ঠস্বর এবং কথোপকথনের বিষয়টি স্বীকার করলেও তার দাবি, আসামিকে গ্রেপ্তারের জন্য তিনি ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে ফোনালাপ ও পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তবে ভাইরাল অডিওর কথোপকথনের সত্যতা যাচাইয়ে তদন্ত এখনো চলমান। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম জানিয়েছেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।