সেলিম মিয়া : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের কাশিগঞ্জ বাজারসংলগ্ন দিঘারকান্দা এলাকায় ইটভাটার ভেতরে অবৈধভাবে পুরাতন ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলে আসছে।
অভিযোগ রয়েছে, মো. আবুল কালাম আজাদ ও মো. খোকনের মালিকানাধীন কারখানায় চারটি চুল্লিতে কাঠকয়লার আগুনে পুরাতন ব্যাটারির প্লেট পুড়িয়ে সীসা তৈরি করা হচ্ছে। প্রতিদিন রাত ৯টা থেকে ভোর পর্যন্ত চলা এ কার্যক্রমে কালো ধোঁয়া ও ঝাঁজালো গন্ধ ২–৩ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে কারখানায় প্রায় ৩৫–৪০ শ্রমিককে কাজ করতে দেখা যায়। অধিকাংশ শ্রমিকের শরীরে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছিল না শ্রমিকরা চোখ-মুখে জ্বালাপোড়া ও শ্বাসকষ্টের কথা জানান।
স্থানীয়দের অভিযোগ,এ দূষণে কৃষিজমি,ফসল,মাছ,গবাদিপশু ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।দীর্ঘদিন সীসা ও বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে থাকলে জনস্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।কারখানার মালিকানা সম্পর্কে জানতে চাইলে মো. খোকন বলেন, “কারখানাটি আমার নয়, এটি আজাদ সাহেবের হতে পারে।”
স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ কারখানাটি উচ্ছেদ, পরিবেশ দূষণ বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।