সাইবার সুরক্ষা আইন সংশোধনে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
Reporter Name
Update Time :
Friday, August 14, 2026
/
19 Time View
/
Share
প্রথম বাংলা : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে আমরা কাজ করছি। এ লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইনটি কীভাবে আরও কার্যকর ও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Misinformation) ও অপপ্রচার (Disinformation) বিস্তারের প্রেক্ষাপটে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য, অপপ্রচার ও অসত্য প্রচার প্রতিরোধ অত্যন্ত জরুরি। এসব বিষয়ে সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে। তবে, সরকারবিরোধী বক্তব্য বা সমালোচনা বন্ধ করার কোনো উদ্যোগ নেয়া হবে না। সরকারের সমালোচনা করা নাগরিকের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতারই অংশ। তবে রাষ্ট্রবিরোধী বা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডকে প্রচলিত আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে।
তিনি আরও বলেন, সাইবার সুরক্ষা আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনটিতে প্রয়োজনীয় বিধান রাখা হবে।
তিনি জানান, আইনটি প্রণয়নের আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনা করে ব্যাপক জনপরামর্শ গ্রহণ করা হবে। আইনটির অপব্যবহার যেন কেউ না করতে পারে, সে ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে সচেতনতা ও নৈতিক শিক্ষা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে। এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন পর্যায়ে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটি সুন্দর ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খান মোঃ সাজ্জাদ কবীর। এছাড়াও অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাধারণ অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহ জেলায় সরকারের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সরকারি সেবার মানোন্নয়ন, আন্তঃদপ্তর সমন্বয় জোরদার, জনগণের কাছে সঠিক তথ্য দ্রুত পৌঁছে দেওয়া এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে তুলে ধরার বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ময়মনসিংহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।