প্রথম বাংলা : ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুললাহ্ আল্-মামুন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পুলিশ তদন্ত কেন্দ্র সোমবার ৯ নভেম্বর পরিদর্শন করেন। পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপারকে জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ জুলফিকার আলী ভুট্টো উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান এবং জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়।
পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার জাককানইবি পুলিশ তদন্ত কেন্দ্র এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে।
অতিরিক্ত পুলিশ সুপার তদন্ত কেন্দ্রের সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং তদন্ত কেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহাম্মদ এবং তদন্ত কেন্দ্রের কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।