প্রথম বাংলা : শেখ মোহাম্মদ আসলাম’ একসময় ঢাকার অপরাধজগতের অন্যতম আতঙ্ক ছিলেন তিনি। পরিচিতি পান ‘সুইডেন আসলাম’ নামে। তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট ও আশপাশের এলাকায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। রাজধানীর আন্ডারওয়ার্ল্ডে নিজের প্রভাব বিস্তার করে একসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। দীর্ঘদিন কারাগারে থেকেও অপরাধজগতের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন। প্রায় ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পেলেও দুই বছর না যেতেই আবারও গ্রেপ্তার হলেন এই শীর্ষ সন্ত্রাসী।
সময়টা ১৯৯৬-৯৭ সাল। কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক আলোচিত হত্যাকাণ্ড ঘটছিল। এসব ঘটনার সঙ্গে বারবার উচ্চারিত হচ্ছিল একটি নাম—শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। নাম শোনা গেলেও তাকে সহজে দেখা যেত না। ছদ্মবেশে চলাফেরা করতেন তিনি। সবসময় পরতেন বুলেটপ্রুফ জ্যাকেট।
দীর্ঘদিনের চেষ্টা ও নানা পরিকল্পনার পর ১৯৯৭ সালের ২৬ মে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন আসলাম। তখন তার বয়স ছিল ৩৫ বছর। তবে গ্রেপ্তারের পরও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। কারাগারে বসেই সহযোগীদের মাধ্যমে বাইরের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন তিনি।
আসলামের জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তার বাবা মৃত শেখ জিন্নাত আলী। পরিবারসহ তারা ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন। তেজগাঁও পলিটেকনিক স্কুল (বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়) থেকে এসএসসি পাস করেন তিনি।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান ঘটে। শুরুতে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় আধিপত্য বিস্তার করেন তিনি। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার ঘটনায় প্রথমবারের মতো ব্যাপক আলোচনায় আসেন আসলাম।
সে সময় কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই গ্রুপের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে সুইডেন আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই হামলা-পাল্টা হামলা, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটত। এসব সংঘর্ষে প্রাণহানিসহ হতাহতের ঘটনাও ঘটে।
একপর্যায়ে ১৯৯৬ সালে রানা গ্রুপের অন্যতম সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে নিয়ে আসেন আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানাকে হত্যার ঘটনায় হান্নান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের আধিপত্য আরও বিস্তৃত হয়। কারওয়ান বাজার ও তেজতুরি বাজারের নিয়ন্ত্রণ দেওয়া হয় হান্নানের হাতে। তবে এসব এলাকার কার্যক্রম পরিচালিত হতো আসলামের নির্দেশনায়।
যুবলীগ নেতা গালিব হত্যার পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেটও উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর কারাগার থেকেই অপরাধজগতের কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন তিনি। এ ক্ষেত্রে তার ঘনিষ্ঠ সহযোগী পিচ্চি হান্নান ছিলেন প্রধান ভরসা।
কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চলের আড়তমালিক, গার্মেন্টস মালিক, ব্যবসায়ী এবং জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে আসলামের নামে চাঁদা আদায় করতেন হান্নান ও তার সহযোগীরা। আদায় করা অর্থের একটি অংশ কারাগারে বসেই পেতেন আসলাম। মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড এবং জমি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার নাম জড়িয়ে ছিল।
কারাগারেও নানা ঘটনায় আলোচনায় ছিলেন আসলাম। সেখানে একাধিকবার মারামারিতে জড়ান তিনি। একপর্যায়ে তার সেল থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসব ফোন ব্যবহার করে কারাগারের বাইরে থাকা সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এমনকি তার বিরুদ্ধে মামলা করা ব্যক্তি ও মামলার সাক্ষীদেরও হুমকি দিতেন। এসব ঘটনার পর বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।
এদিকে ২০০০ সালের পর অপরাধজগতে পিচ্চি হান্নানের প্রভাব বাড়তে থাকে। একপর্যায়ে তিনি নিজস্ব বাহিনী গড়ে তোলেন। এরপর সুইডেন আসলামের পরিচয় ও প্রভাব থেকে বেরিয়ে নিজের আধিপত্য বিস্তারে মনোযোগী হন। ধীরে ধীরে আসলামের নাম বাদ দিয়ে নিজেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতে শুরু করেন হান্নান।
আসলামের নামের আগে ‘সুইডেন’ যুক্ত হওয়ার পেছনেও রয়েছে একটি গল্প। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন। সেখান থেকেই তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়। পরে ইতির সঙ্গে তার বিচ্ছেদ ঘটে।
আসলামের ঘনিষ্ঠজনদের ভাষ্য, ২০১০ সালের পর বিভিন্ন মামলায় জামিন পেয়ে তার কারাগার থেকে বের হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তবে ‘ক্রসফায়ারের’ আশঙ্কায় তিনি জামিনের জন্য জোরালো চেষ্টা করেননি।
বিভিন্ন সময়ে সুইডেন আসলামের বিরুদ্ধে মোট ২২টি মামলা হয়। এর মধ্যে নয়টি হত্যা মামলা। অস্ত্র মামলায় ১৭ বছরসহ কয়েকটি মামলায় সাজাও হয় তার।
দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। ওই দিন রাত ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। তখন তার বয়স ছিল ৬২ বছর।
তবে মুক্তির প্রায় দুই বছর পর আবারও গ্রেপ্তার হলেন ঢাকার একসময়ের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। এবার দেশ ছাড়ার চেষ্টাকালে রোববার (২২ নভেম্বর) গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
ছবি : সংগৃহীত