বিভাগীয় ব্যুরো প্রধান,চট্টগ্রাম”
চট্টগ্রাম মহানগরীর চকবাজার এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।রোববার (১৯ জুলাই) র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, গত ১৩ জুলাই চকবাজার এলাকার ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে সংঘটিত হামলার ঘটনায় ছায়া তদন্ত শুরু করা হয়। তদন্তের ধারাবাহিকতায় ১৮ জুলাই চট্টগ্রাম মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার অন্যতম পরিকল্পনাকারী ও সংগঠক হিসেবে অভিযুক্ত মাইকেল রোহেন মিয়াসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন—মো. তুহিন, আকবর হোসেন, মো. আব্দুল মুমিন, মো. মাসাদ মিয়া, মো. দিদার মিয়া, মো. সানজাত হাসান, সৈরত হোসেন এবং মো. সাইফুদ্দিন। তাদের মধ্যে প্রথম আটজন হবিগঞ্জ জেলার এবং অপরজন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব ও স্থানীয় সূত্র জানায়,গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের কাছে হোয়াটসঅ্যাপে কল করে এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি সশস্ত্র দল পূর্বপরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়।
হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার মনিটর, ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতন বাবদ অফিসে থাকা ৩৫ লাখ টাকা লুট করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ঘটনার পর প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক বাদী হয়ে চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন।র্যাব-৭-এর সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, চাঁদার দাবিতে সংঘটিত এই হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে র্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ঘটনার অন্যতম হোতাসহ ৯ জনকেগ্রেপ্তার করা হয়েছে। মামলায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।