নিজস্ব প্রতিবেদকঃ
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) নির্দেশনা উপেক্ষা করে পছন্দের কয়েকটি পত্রিকায় সরকারি বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবু সাজ্জাদ চৌধুরীর বিরুদ্ধে। দৈনিক বাংলাদেশ সমাচারের রাজধানী প্রতিবেদকের অভিযোগ, ডিএফপির তালিকাভুক্ত তাঁদের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার অনুরোধ নিয়ে একাধিকবার ওই কর্মকর্তার সঙ্গে দেখা করলেও প্রতিবারই তাঁকে জানানো হয়েছে, ‘টপ টেন’-এর বাইরের পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হবে না।
ওই প্রতিবেদকের দাবি, সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে ডিএফপির তালিকাভুক্ত পত্রিকাগুলোকে বিবেচনায় নেওয়ার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার কথা তুলে ধরে তিনি দীর্ঘদিন ধরে দৈনিক বাংলাদেশ সমাচারে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞাপন দেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন। তাঁর অভিযোগ, অধিদপ্তরের বিজ্ঞাপন দীর্ঘদিন ধরে বাছাই করা কয়েকটি পত্রিকাতেই দেওয়া হচ্ছে।
প্রতিবেদকের ভাষ্য, আবু সাজ্জাদ চৌধুরী তাঁকে একাধিকবার বলেছেন, ‘টপ টেন’-এর বাইরের কোনো পত্রিকায় বিজ্ঞাপন না দিতে অধিদপ্তরের পরিচালক নির্দেশ দিয়েছেন। তবে কোন মানদণ্ডে ওই দশটি পত্রিকা বাছাই করা হয়েছে এবং এ বিষয়ে পরিচালকের কোনো লিখিত নির্দেশনা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আবু সাজ্জাদ চৌধুরীকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। একই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মতামত জানাতে অনাগ্রহ প্রকাশ করেন।