চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
নগরীর ডবলমুরিং থানাধীন আক্তারুজ্জামান সেন্টার পরিদর্শন করেন কৃষ্ণ পদ রায়
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় আজ ১৩ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ নগরীর ডবলমুরিং থানাধীন আক্তারুজ্জামান সেন্টার পরিদর্শন করেন। এসময় তিনি উপস্থিত দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও ক্রেতা সাধারণের সাথে মত বিনিময় করেন।
সমিতির নেতৃবৃন্দ ও ক্রেতাসাধারণ আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান। পুলিশ কমিশনার কঠোর পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
এসময় তিনি পবিত্র রমজান ও আসন্ন ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিএমপির গৃহীত বিশেষ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি যুক্ত হয়েছে রিজার্ভ ফোর্সও। একই সঙ্গে থাকছে বিশেষ চেকপোস্ট, ফুট টহল ও মোবাইল টহল। নগরবাসীর নিরাপত্তায় ২৪ ঘণ্টাই চলছে পুলিশ পাহারা। এছাড়া যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে সিএমপি।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব ফয়সাল মাহমুদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।