প্রথম বাংলা : নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদে সরকারি তহবিলের প্রায় ৫৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে যৌথ ব্যাংক হিসাব থেকে চেকের মাধ্যমে এসব টাকা উত্তোলনের সরাসরি অভিযোগ ওঠেছে ওই পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রুয়েলুজ্জামানের বিরুদ্ধে।
অভিযোগের মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮৭৭ জন প্রান্তিক কৃষকের জন্য বরাদ্দ করা ২৬ লাখ ৫০ হাজার টাকা ও উন্নয়ন সহায়তা তহবিল থেকেও ৩২ লাখ ৬৫ হাজার ২৩৫ টাকা। এ ঘটনায় ২৪ নভেম্বর ওই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রাথমিক শিক্ষা অফিসার ফজলুর রহমান লিখিত অভিযোগ দায়ের করেন। পরে ২৪ নভেম্বর রাতেই মো. উসমান গনি ও রিপন কর্মকার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবল বর্ষণে হাওর ও নিম্নাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানবিক সহায়তা হিসেবে প্রত্যেককে ৩ হাজার টাকা করে দেওয়ার জন্য ২০২৬ সালের জুলাই মাসের বরাদ্দ থেকে গাঁওকান্দিয়া ইউনিয়নের ৮৭৭ জন কৃষকের বিপরীতে মোট ২৬ লাখ ৩১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ১৩ সেপ্টেম্বর সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় ইউনিয়ন পরিষদের যৌথ ব্যাংক হিসাব ৩৫০৫২০০০০১০৪৬ নম্বরে এ টাকা জমা হয়। আগে থেকে থাকা ২৮ হাজার ৮৫৪ টাকাসহ ওই হিসাবে মোট ২৬ লাখ ৫৯ হাজার ৮৫৪ টাকা জমা ছিল।
পরবর্তিতে সুবিধাভোগীদের মধ্যে টাকা বিতরণের জন্য ব্যাংক থেকে চেকবই উত্তোলন করে ইউনিয়ন পরিষদের সচিব মো. রুয়েলুজ্জামানকে চেক প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি অসুস্থতার অজুহাতে বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। দুই দফা টাকা বিতরণের তারিখ নির্ধারণ করা হলেও তিনি উপস্থিত হননি।সর্বশেষ ২৬ নভেম্বরটাকা বিতরণের দিন ধার্য করা হয় কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে, মোবাইল ফোন বন্ধ, বাড়িতেও খোঁজ মেলেনি তার।
গত ২২ নভেম্বর থেকে সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন প্রশাসক। কিন্তু ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সালামকে সচিবের বাড়িতে পাঠানো হয়। সেখানেও তাঁকে পাওয়া যায়নি।
পরবর্তিতে ২৪ নভেম্বর সকাল ১০টায় প্রশাসক নিজেই সোনালী ব্যাংকের দুর্গাপুর শাখায় যান। ব্যাংক ব্যবস্থাপকের কক্ষে আলোচনা শেষে তিনি যৌথ হিসাবের স্টেটমেন্ট সংগ্রহ করেন। স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, কৃষকদের মানবিক সহায়তার জন্য বরাদ্দ করা যৌথ হিসাবে মাত্র ২ হাজার ৫০৪ টাকা অবশিষ্ট রয়েছে।
প্রশাসকের দাবি, তাঁর স্বাক্ষর জাল করে ২৬টি চেকের মাধ্যমে ২৮ সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মোট ২৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে। এ অর্থ প্রত্যেক সুবিধাভোগীকে ৩ হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও কাউকেই টাকা প্রদান করা হয়নি। শুধু কৃষকদের মানবিক সহায়তার অর্থই নয়, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থও একই কায়দায় উত্তোলনের অভিযোগ উঠেছে।
সোনালী ব্যাংক দুর্গাপুর শাখায় থাকা উন্নয়ন সহায়তা তহবিলের যৌথ হিসাব ৩৫০৫৫০২০০০১২৬৩ নম্বরে ২০২৫ সালের ২৯ অক্টোবর পর্যন্ত স্থিতি ছিল ১৬ লাখ ৮৯ হাজার ৩৪৬ টাকা। পরবর্তী সময়ে ২০২৬ সালের ৮ মার্চ ৮ লাখ ৫০ হাজার ৮০০ টাকা এবং ২২ জুন সরকারি বরাদ্দ বাবদ আরও ১ লাখ ৯৯ হাজার টাকা জমা হয়। সব মিলিয়ে ওই হিসাবে মোট ৩৫ লাখ ৮৯ হাজার ৯৪৬ টাকা জমা থাকার কথা।
প্রশাসকের অভিযোগ, ওই হিসাব থেকেও তাঁর স্বাক্ষর জাল করে ৪৪টি চেকের মাধ্যমে বিভিন্ন তারিখে ৩২ লাখ ৬৫ হাজার ২৩৮ টাকা উত্তোলন করা হয়েছে। দুটি ব্যাংক একাউন্ট থেকে মোট ৫৯ লাখ ১৫ হাজার ২৩৮ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে ।
ব্যাংকের নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সচিব মো. রুয়েলুজ্জামান এসব চেকের অধিকাংশই ২নং আসামি মো. উসমান গনি এবং ৩নং আসামি রিপন কর্মকারের নামে উত্তোলন করেছেন। এসব লেনদেনে অন্যরাও সহযোগিতা করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ঘটনা জানার পর ওই ইউনিয়নের প্রশাসকতাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করেন। পরে ইউএনও তাঁর কার্যালয়ে ব্যাংক কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে নেন। সেখানে ইউপি সদস্য ও ২নং আসামির ভায়রা ভাই মো. বিল্লাল মিয়ার উপ স্থিতিতে উসমান গনি ও রিপন কর্মকারকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযোগকারীর দাবি, এ সময় তাঁরা সচিবের সহায়তায় পরস্পর যোগসাজশে বিভিন্ন তারিখে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের বিষয়টি স্বীকার করেন। ব্যাংকের নথিপত্র ও স্টেটমেন্টেও এসব লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
লিখিত অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয় তাঁরা হলেন, মো. রুয়েলুজ্জামান (৪৫), প্রশাসনিক কর্মকর্তা, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ, মো. উসমান গনি (৪৫), রিপন কর্মকার (৪০), রুয়েলুজ্জামানের স্ত্রী সুরাইয়া বিলকিছ (৪১), উসমান গনির স্ত্রী বিলকিছ আক্তার (৩৫), রুয়েলুজ্জামানের আত্মীয় রোকন তালুকদার (৫০), রবিন তালুকদার (৩৫) এবং রাকিব তালুকদার (২৮)। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ গণমাধ্যমকে বলেন, অভিযোগের ভিত্তিতে দু‘জন কে আটক করা হয়েছেআইনী প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত জানান , ব্যাংকের যৌথ হিসাবের স্টেটমেন্ট পর্যালোচনা এবং সাক্ষীদের সঙ্গে পরামর্শ করতে গিয়ে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তিনি সরকারি অর্থ আত্মসাৎ ও যৌথ ব্যাংক হিসাবের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড়া দেয়া হবেনা।
এদিকে বন্যাকবলিত কৃষকদের মানবিক সহায়তা এবং ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিলের অর্থ উত্তোলনের এমন অভিযোগে স্থানীয় পর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, ব্যাংকের লেনদেন যাচাই, সরকারি অর্থ উদ্ধার এবং প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।