আবু নাঈম রিপন: নরসিংদী প্রতিনিধি।
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করেছে নরসিংদী জেলা পুলিশ। র্যাব, এপিবিএন ও আরআরএফ পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে মোট ২৩৭ জনকে গ্রেফতার ও আটক করা হয়েছে। একই সময়ে ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
২৫ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকেলে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নরসিংদী আবদুল্লাহ আল ফারুক এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি গত সাত দিনে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানের সাফল্য ও উদ্ধার হওয়া অস্ত্র, মাদক ও অবৈধ পণ্যের বিবরণ তুলে ধরেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৮ হাজার ৬৩৩ পিস ইয়াবা, প্রায় ২৪৯ কেজি গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল, ৮ বোতল ESKUF কফ সিরাপ ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
অস্ত্র উদ্ধারের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল (Made in USA), একটি এলজি, ১৫ রাউন্ড গুলি/কার্তুজ এবং বিভিন্ন ধরনের দেশীয় ধারালো ও আঘাতকারী অস্ত্র। এছাড়া দুটি বুলেটপ্রুফ জ্যাকেট, একটি ঢাল, ১৪টি পটকা ও আনুমানিক ২০০টি মার্বেল উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
চোরাচালানবিরোধী অভিযানে ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি, সিগারেটসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। এসব পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়েছে।
পুলিশের উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রায়পুরার উত্তর বাখরনগর, চর আড়ালিয়া, আমিরগঞ্জ ও মেঘনা নদীবক্ষের দুর্গম চরাঞ্চলে যৌথ অভিযান অন্যতম। এসব অভিযানে ২২৪ কেজি গাঁজা, বিদেশি পিস্তল, এলজি, গুলি,কার্তুজ, বুলেটপ্রুফ জ্যাকেট ও দেশীয় অস্ত্র উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার ১০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করে এবং এর চালককে আটক করে। পৃথক অভিযানে ২৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
এদিকে মনোহরদীর কীর্তিবাসদী গ্রামে এক যুবক হত্যার ঘটনায় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেফতার করে। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত একটি কুড়ালও উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
ট্রাফিক বিভাগ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করে ১ হাজার ৮৬৬টি যানবাহন তল্লাশি, ৩৫টি মোটরসাইকেল আটক এবং যানবাহন সংক্রান্ত ৩০১টি মামলা করেছে। এসব মামলায় মোট ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি, অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জননিরাপত্তা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও আরও ব্যাপক সমন্বিত বিশেষ অভিযান পরিচালনা করা হবে।